কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীর থেকে প্রায় ১০ হাজার আধা সামরিক বাহিনীকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা আসে বলে জানায় এনডিটিভি।
গত বছরের আগস্টে এই আধাসামরিক বাহিনীকে জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়। অঞ্চলটির বিশেষ মর্যাদার সমাপ্তি ঘোষণা করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়। ওই সময় সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী বা সিএপিএফ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রের তরফে দেওয়া নতুন নির্দেশে বলা হয়, “জম্মু ও কাশ্মীর থেকে তাৎক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ওই আদেশ অনুসারে, ১০০টি কোম্পানির মধ্যে রয়েছে ৪০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স এবং ২০ কোম্পানি কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং সশস্ত্র সীমা বলের সেনা। জম্মু ও কাশ্মীরে যাওয়ার আগে ওই সেনারা যেখানে মোতায়েন ছিলেন সেখানেই ফিরে যাবেন।
মে মাসেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় জম্মু ও কাশ্মীর থেকে ১০ কোম্পানি সিএপিএফ প্রত্যাহার করে নেয়।
গত বছরের আগস্ট থেকে কার্যত অবরুদ্ধ ছিল জম্মু ও কাশ্মীর। অঞ্চলটি ঘিরে রাখা হয় নিরাপত্তা বলয়ে। অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে সব ধরনের বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, ফোন ও ইন্টারনেট পরিষেবা প্রত্যাহার করা হয় এবং কয়েকশ’ স্থানীয় রাজনৈতিক নেতাকে আটক করা হয়।
