বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চেতনা হারিয়ে ফেলেছেন রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি। হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছে বলে তার এক মুখপাত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এএফপি, বিবিসিসহ সংবাদমাধ্যমগুলো।
মুখপাত্র কিরা ইয়ারমাইশ জানিয়েছেন, নাভালনি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে মস্কোতে আসছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে তার বিমানটি পথিমধ্যে ল্যান্ডিং করা হয়।
নাভানলির ওই নারী মুখপাত্র টুইটারে লিখেছেন- “আলেক্সেই (নাভানলি) বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন ইনটেনসিভ কেয়ারে চিকিৎসাধীন।”
কিরা ইয়ারমাইশ আরও বলেন, “আমরা ধারণা করছি, চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে রাখায় আলেক্সের বিষক্রিয়া হয়েছে। তিনি সকালে কেবল তিনি চা পানই করেছিলেন। ডাক্তাররা বলেছেন, গরম তরলের সংস্পর্শে দ্রুত বিষময় জিনিসটি গলে দেওয়া হয়েছে।”
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়েছে, দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক শহরের একটি হাসপাতালের টক্সিকোলোজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নাভানলির চিকিৎসা চলছে।
রুশ সরকারের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এবং অপার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করে সবার মাঝে পরিচিত হয়ে উঠেছেন ৪৪ বছর নাভানলি। এর আগেও তার ওপর অনেক শারীরিক হামলা হয়েছে। ২০১৭ সালে চোখে আঘাতপ্রাপ্ত হন নাভালনি।
