চরম ঝুঁকিতে মোংলা পোর্টের মেরিন ড্রাইভ সড়ক ও স্লুইস গেইট

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০১:০২ এএম

আকস্মিক নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা বন্দরের পশুর চ্যানেল ও মোংলা নদীর পাড় এলাকার মেরিন ড্রাইভ সড়ক ও স্লুইস গেইট এলাকাটি চরম ঝুঁকিতে রয়েছে।

শহরের কুমারখালী থেকে শুরু করে কাইনমারী পর্যন্ত ৫ কিলোমিটারের সড়কটি পৌর শহর রক্ষা বাঁধ হিসেবে কাজ করছে। সেই সাথে পৌর শহরের কুমারখালী, ঠাকুরানী ও কাইনমারী খালের ওপর নির্মিত তিনটি স্লুইস গেইটের ফলে আগের মতো পৌর শহর প্লাবিত হয় না। তবে গত কয়েকদিন ধরে চলে আসা টানা বৃষ্টিপাত ও লঘু চাপের প্রভাবে পশুর এবং মোংলা নদীর পানি আড়াই থেকে তিন ফুট বৃদ্ধি পাওয়ায় চরম ঝুঁকিতে রয়েছে এলাকাটি।

নদীর পানি স্লুইস গেইট দিয়ে পৌর এলাকার খালে প্রবেশ বন্ধ থাকায় পানির চাপ ভয়াবহতা রুপ নিয়েছে। তবে বেশি ঝুঁকিতে রয়েছে কাইনমারী স্লুইস গেইট ও মেরিন ড্রাইভ সড়ক। ইতিমধ্যে কাইনমারী স্লুইস গেইট এলাকায় বড় ধরনের ভাঙন ধরেছে।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো. জুলফিকার আলী বলেন, আকস্মিক নদীতে যে পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে তাতে মেরিন ড্রাইভ সড়কটির বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কিছু লোক মেরিন ড্রাইভ সড়কের পাশ দিয়ে মাটি খনন করে নিয়ে যাচ্ছে এবং অনেক জায়গার ব্লক নষ্ট ও সরিয়ে নেয়ায় যে কোন সময় এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া স্লুইস গেইটের ওপরও পানির প্রচণ্ড চাপ পড়ছে, যখন-তখন এটিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত