প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিলেন ক্রলি

আপডেট : ২২ আগস্ট ২০২০, ০৮:৫৮ পিএম

গত বছর নভেম্বরে টেস্ট অভিষেক। এরপর ৭ টেস্টে তিনটি ফিফটির দেখা পেলেও কোনো সেঞ্চুরি ছিল না। ইংল্যান্ড দলে জ্যাক ক্রলির জায়গাও পাকা এমনটা বলা যায় না।

তবে ২২ বছর বয়সী ক্রলি এখন থেকে নিয়মিত টেস্ট একাদশে থাকার কথা মুখ ফোটে বলতেই পারেন। পাকিস্তানের বিপক্ষে সাউদাম্পটনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনই অভিষেক সেঞ্চুরির দেখা পান। শনিবার যাকে রূপ দিয়েছেন ডাবলে।

শুক্রবার ম্যাচের প্রথম দিন ১৭১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন ক্রলি। শনিবার প্রথম সেশনে বৃষ্টির দাপট থাকায় ডাবলের ল্যান্ড মার্কে পৌঁছাতে একটু অপেক্ষা করতে হয়েছে। লাঞ্চের পর পর তুলে নেন ডাবল সেঞ্চুরি।

সপ্তম ইংলিশ ক্রিকেটার হিসেবে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দিয়েছেন ক্রলি। তরুণ এই তারকা ইংলিশদের মধ্যে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকালেন।

৩৩১ বলে ডাবল পূরণ করেন ক্রলি। এই পথে তিনি হাঁকান ২৫টি চার।

জো রুট না থাকাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন ক্রলি। দ্বিতীয় টেস্টে ভালো না করায় বাদ পড়েন একাদশ থেকে।

এরপর বেন স্টোকস না থাকাতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সুযোগ মেলে। প্রথম ইনিংসে তুলে নেন ফিফটি। বৃষ্টির কারণে অবশ্য এক ইনিংস করে খেলারই সুযোগ পেয়েছিল দুই দল।

তৃতীয় টেস্টে খেলতে নেমে অপ্রতিরোধ্য গতিতে ছোটে চলেছেন ক্রলি। অন্য প্রান্তে জস বাটলারও দুর্দান্ত। এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন বাটলার। এই প্রতিবেদন লেখার সময় ক্রলি ও বাটলারের পঞ্চম উইকেট জুটি তিন শ ছাড়িয়েছে। পঞ্চম উইকেট জুটিতে যা ইংল্যান্ডের পক্ষে রেকর্ড।

এখন পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৪৩৮। ক্রলি ২৩৬ ও বাটলার ১২৭ রান নিয়ে ব্যাট করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত