মেসিকেই বিক্রি করতে চায় বার্সার কয়েকজন!

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১২:৪২ এএম

বার্সেলোনা লিওনেল মেসিকে ঘিরে তাদের নতুন প্রজেক্ট সাজাতে চাইছে। কোচ রোনাল্ড কোম্যানও মেসিকে সামনে রেখে নতুন পরিকল্পনা করতে চান। কিন্তু মেসি নিজেই থাকতে চাইছেন না। তাহলে কী হবে? ইএসপিএনকে বার্সার কয়েকজন পরিচালক জানিয়েছেন বিস্ময়কর খবর। মেসিকেই নাকি সঠিক সময়ে বিক্রি করার কথা ভাবছেন কয়েকজন পরিচালক।

বার্সেলোনায় মেসির না থাকার ইচ্ছা প্রশ্ন জাগিয়েছে ক্লাবের কয়েকজন পরিচালকের মনে। তারা মনে করছেন নতুন প্রজেক্টে মেসি না থাকতে চাইলে জোর করে কীভাবে তার সেরাটা পাওয়া যাবে। তাই সঠিক সময়ে অন্য ক্লাবের কাছ থেকে মেসির জন্য প্রস্তাব পেতে প্রস্তুত তারা। এতে করে নতুন প্রজেক্টের জন্য অনেক অর্থ বাঁচবে বলেও মনে করছেন তারা। ক্লাবের সঙ্গে গত এক বছরে মেসির সম্পর্ক ভালো যাচ্ছে না। পরিচালকদের সঙ্গে প্রকাশ্যে বাকযুদ্ধে লিপ্ত হয়েছেন মেসি। মেসির সঙ্গে বনিবনা না হওয়ায় সম্প্রতি এরিক আবিদালকে বরখাস্ত করেছে বার্সেলোনা। তবুও মেসিকে খুশি করতে পারছে না বার্সা। এদিকে বার্সার নতুন প্রজেক্টে পুরনো অনেককেই রাখা হচ্ছে না বলে জানিয়েছে ক্লাব। এর মধ্যে গত বছরগুলোতে নিয়মিতদের অনেকেই আছেন। তাদের একজন লুইস সুয়ারেজ। কিন্তু উরুগুয়ে তারকা বার্সেলোনা ছাড়তে নারাজ। প্রয়োজনে বেঞ্চে বসে বিকল্প হয়ে থাকতেও প্রস্তুত আছেন, ‘অনেক কথা হচ্ছে, প্রেসিডেন্টও নাম বলেছেন। এদেরকে বার্সা আর চাইছে না। কিন্তু আমাকে কেউ এখনো সরাসরি বলেনি যে তাদের পরিকল্পনায় আমি নেই। তবে ক্লাব যদি আমাকে না চায় তবে আমি তাদের বিকল্প পরিকল্পনায় থাকতে ইচ্ছুক। আমি বার্সা ছাড়তে চাই না। প্রয়োজনে বেঞ্চে থাকব, তবুও এই ক্লাব ছাড়ার ইচ্ছা নেই।’

এমনকি বৃহস্পতিবার নতুন কোচের সঙ্গে সাক্ষাতেও মেসি নাকি বলে দিয়েছেন ‘বার্সেলোনার চেয়ে বার্সেলোনার বাইরেই নিজের ভবিষ্যৎ বেশি দেখছেন’। এমনটাই খবর দিয়েছে স্প্যানিশ পত্রিকাগুলো। লিখেছে মার্কা-এএসসহ স্প্যানিশ পত্রিকাগুলো। এসব দেখে ইংল্যান্ডের কিংবদন্তি গ্যারি লিনেকার বলেছেন, ‘মেসি শেষ পর্যন্ত ক্লাবে থাকে না ক্লাব ছেড়ে যায়, সেটি দেখতে উন্মুখ হয়ে আছি। ছেড়ে গেলে বার্সেলোনার জন্য খুবই দুঃখের ব্যাপার হবে সেটি। আবার বার্সেলোনায় থাকলে ওকে যদি গড়পড়তা একটা দলের হয়ে শীর্ষ পর্যায়ের ফুটবলে ক্যারিয়ারের বাকি বছরগুলো কাটাতে হয়, তা দেখাও অনেক কষ্টের হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত