একটি ফাইনাল যেমন উত্তেজনাকর হওয়ার দরকার তার সবটুকুই দেখা গেছে শুক্রবার ইউরোপা লিগের শিরোপা লড়াইয়ে। ১০ বছর পর কোনো ইউরোপীয় শিরোপা লড়াইয়ে নামা ইন্তার মিলানকে তীর বিঁধে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া। আবারও ইউরোপের দ্বিতীয় সারির প্রতিযোগিতার শিরোপা জিতেছে স্প্যানিশ ক্লাবটি। তারা আবারও প্রমাণ করল কেন তাদের ইউরোপার রাজা বলা হয়। ১৫ বছরে এটি তাদের ষষ্ঠ ইউরোপা লিগ জয়, তবে চার বছর পর প্রথম।
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ যেখানে চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ এবার, সেখানে সেভিয়া স্পেনের মান রাখল ইউরোপা লিগ জিতে।
জার্মানির কোলনের ফাইনালে যদিও প্রথমে পিছিয়ে পড়েছিল সেভিয়া। ৪ মিনিটে পেনাল্টি থেকে ইন্তারকে এগিয়ে নেন রোমেলু লুকাকু। পাল্টা আক্রমণ থেকে বল নিয়ে সেভিয়া ডি-বক্সের মধ্যে ঢুকে পড়া লুকাকুকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল ইন্তার। তবে সমতায় ফিরতে দেরি হয়নি সেভিয়ার। ১২ মিনিটে জেসুস নাভাসের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন লুক ডি ইয়ং। ৩৩ মিনিটে এগিয়েও যায় স্প্যানিশ ক্লাবটি। ফ্রিকিকে এভার বানেগার ক্রসে লাফিয়ে উঠে অসাধারণ এক হেডে আবারও বল জালে জড়ান ডি ইয়ং। তিন মিনিট পর সমতায় ফেরে ইন্তার। ফ্রিকিক থেকে হেডে বল জালে জড়ান ডিয়েগো গডিন। ৭৪ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় সেভিয়া। বানেগার শট ইন্তারের ডিফেন্ডাররা ঠিকভাবে ফেরাতে না পারলে ডি-বক্সেই দারুণ এক ব্যাকভলি করেন সেভিয়ার কার্লোস। বল ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে ঢুকিয়ে দেন লুকাকু।
এই সাফল্যে কেঁদেছেন কোচ হুলেন লেপেতেগুই। এই কান্নার পেছনে গল্প আছে একটা। ২০১৮ বিশ্বকাপে খেলতে কোচ হিসেবে স্পেনকে নিয়ে রাশিয়া পৌঁছে গেছেন হুলেন লেপেতেগুই। রিয়াল মাদ্রিদ ঘোষণা করে, বিশ্বকাপ শেষে ৩ বছরের জন্য তাদের কোচ হবেন লেপেতেগুই। খবর শুনে সঙ্গে সঙ্গে জাতীয় দল থেকে তাকে বরখাস্ত করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। দুর্ভাগ্য, লা লিগায় বাজে কয়েকটি রেজাল্টের পর ৩ মাস পরই তাকে বরখাস্ত করে রিয়াল। গত বছরের ৫ জুন সেভিয়াতে যোগ দেন লেপেতেগুই। তার অধীনেই লা লিগায় এবার চতুর্থ হয়েছে সেভিয়া। আর ৪ বছর পর উদ্ধার করল ইউরোপা শিরোপা। শুক্রবারের ফাইনাল জিতে আবেগ ধরে রাখতে পারেননি তাই লেপেতেগুই, ‘আমাকে এখন আর পেছনে ফিরে তাকাতে হয় না। আমাকে ভাগ্য এমন একটি দলের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে, যেখানে কথার মূল্য আছে।’
সিরি আ’তে ইন্তার মিলানকে রানার্স আপ করিয়েছেন অ্যান্তোনিও কন্তে। ১০ বছর পর ইউরোপে শিরোপা জয়ের সুযোগ এলেও সেখানেও দল হলো রানার্সআপ। কন্তে কি ইন্তারে থাকবেন? এই প্রশ্ন উঠেছে শুক্রবারের ফাইনাল শেষে। কন্তে বলেন, ‘আমরা কিছু দিন বিশ্রাম নিয়ে সবাই একসঙ্গে মিলিত হব। আমরা পুরো মৌসুম নিয়ে পর্যালোচনা করব। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করব। সেটা আমিসহ কিংবা আমি ছাড়া। খুব কঠিন একটি মৌসুম ছিল এটি। আমাকে জিজ্ঞেস করলে বলব সুন্দর একটি বছর (মৌসুম) কাটিয়েছি। আপনি যদি ভাবেন আমি পিছিয়ে যাব, সেটি করছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। আমি ইন্তারকে অনেক কিছু দিয়েছি, পেয়েছিও। সেই দিক বিবেচনা করলে আমি খুশি আছি।’
২৪ সেপ্টেম্বর উয়েফা সুপার কাপে সেভিয়া খেলবে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ী দলের সঙ্গে।
