যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গকে হত্যার ভিডিও ফাঁস

আপডেট : ২৩ আগস্ট ২০২০, ০১:২৪ পিএম

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের রেশ কাটার আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে আরেক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এবার লুইসিয়ানা অঙ্গরাজ্যের পুলিশ এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ।

পুলিশের দাবি, ছুরি হাতে ওই ব্যক্তি দোকানে প্রবেশের চেষ্টা করলে গুলি চালানো হয়।

মানবাধিকার কর্মীরা ওই ভিডিও দেখার পর পুলিশের বিচার চেয়েছেন। তারা বলছেন, জর্জ ফ্লয়েডের মতো এবারও ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে।

পুলিশ বিবৃতিতে বলেছে, ‘শুক্রবার রাত আটটার দিকে জরুরি নম্বরে ফোনে সাহায্য চাওয়া যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন্দুকহাতে এক ব্যক্তিকে দেখা যায়।’

‘তিনি সেখান থেকে পালিয়ে অন্য একটি দোকানে ঢোকার চেষ্টা করলে পুলিশ গুলি চালায়।’

লোকটিকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে তারা পরিচয়ও উদ্ধার করেন। নিহত ব্যক্তির নাম ট্রেফোর্ড পেলারিন (৩১)।

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন এই ঘটনার প্রতিবাদ করে বলেছে, ‘আবার একটি ভয়ংকর ফুটেজ সামনে এল। সবার চোখের সামনে ফের মেরে ফেলা হল আরেক কৃষ্ণাঙ্গকে। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত