গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় করা তদন্ত কমিটি থেকে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরাকে বাদ দেয়ায় নানা নাটকীয় ঘটনা ঘটছে বলে জানা গেছে।
বুধবার কম্পিউটার চুরি ও তদন্ত কমিটি থেকে হীরাকে বাদ দেয়ার ঘটনায় পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
এদিন নজরুল ইসলাম হীরা সকাল সাড়ে ১১টায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে, একই সময়ে সাধারণ শিক্ষার্থীরা হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
হীরার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কলেজের বেশ কয়েকজন সাবেক ভিপি-জিএস অংশ নেন। এতে লিখিত বক্তব্য দেন বঙ্গবন্ধু কলেজের সাবেক ভিপি আতিকুর রহমান পিটু। পরে বশেমুরবিপ্রবির সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার চুরি যাওয়ার বিষয়ে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি চোরদের মূল হোতাকে সামনে আনার দাবি জানান। তারা হীরাকে তদন্ত কমিটি থেকে বাদ দেয়ার ঘটনায় শিক্ষকদের হুমকি দেয়ার প্রতিবাদ জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান ও জেলা প্রশাসক শাহিদা সুলতানার কাছে স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে কাঁদা ছোড়া-ছুড়িতে প্রকৃত চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দীর্ঘসূত্রীতা বাড়ছে।
