বিশ্বে প্রথম ২০ হাজার কোটি ডলারের মালিক জেফ বেজোস

আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০২:৫৭ পিএম

ধনীদের কাতারে অ্যামাজন মালিক জেফ বেজোস এমন শীর্ষ জায়গায় পৌঁছে গেছেন, যেখানে এখন পর্যন্ত কেউ যেতে পারেননি।

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন (২০ হাজার কোটি) ডলারের মালিক হয়ে নতুন রেকর্ড গড়েছেন এ প্রযুক্তি ব্যবসায়ী।

বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, বেজোসের আগে কেউই ২০০ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করতে পারেননি।

করোনার আশির্বাদে তিনি এখন বিশ্বের সবচেয়ে বেশি সম্পদের মালিক। গত কয়েকমাসে বেড়েই চলেছে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ার। 

লকডাউনে ঘরবন্দী মানুষের অনলাইনে কেনাকাটায় বৃদ্ধি পাওয়ায় মহামারীতে সবচেয়ে বেশি চাঙা ছিল অ্যামাজনের ব্যবসা।

বুধবার অ্যামাজনের শেয়ারের দর ২ শতাংশ বৃদ্ধির পায়, এতে বেজোসের সম্পদ বাড়ে প্রায় ৪৯০ কোটি ডলার।

এর সঙ্গে সঙ্গেই তার মোট সম্পদের পরিমাণ প্রথমবারের মতো ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়।

প্রায় ৪০ বছর ধরে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের হিসাব রাখা ফোর্বস জানায়, ৫৬ বছর বয়সী বেজোসের আগে কেউই এ মাইলফলক স্পর্শ করতে পারেননি। বর্তমানে তার সম্পদের পরিমাণ ২০ হাজার ৪৬০ কোটি ডলার।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটসের চেয়ে অন্তত নয় হাজার কোটি ডলার বেশি বেজোসের সম্পদ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতার বর্তমান সম্পদের পরিমাণ ১১ হাজার ৬১০ কোটি ডলার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত