হত্যা-গুমের ওপরই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত : তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:৫৭ এএম

হত্যা-গুমের ওপরই বিএনপির রাজনীতি প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘যাদের রাজনীতিটাই হত্যার ওপর প্রতিষ্ঠিত, তারা যখন এ নিয়ে কথা বলেন তখন সেটি হাস্যকর হয়ে দাঁড়ায়।’

বৃহস্পতিবার সচিবালয়ে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি পুরো দলটাই তো হত্যার রাজনীতির ওপর প্রতিষ্ঠিত। জিয়াউর রহমান নিজে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। হত্যার মাধ্যমেই জিয়াউর রহমানের উত্থান। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীর কয়েক হাজার অফিসার এবং জওয়ানকে হত্যা করে ক্ষমতায় টিকে থেকে পরবর্তীকালে নিজেও হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের হত্যার পর আবদুস সাত্তারের নেতৃত্বে একবার ও খালেদা জিয়ার নেতৃত্বে দুবার ক্ষমতায় ছিল বিএনপি। কিন্তু কোনোবারই তারা জিয়া হত্যার বিচার করেনি, এমনকি উদ্যোগও নেয়নি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আসার পর ২০০২ সালে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা করা হয়েছিল। তখন ডজন-ডজন মানুষ হত্যা করা হয়েছে এবং সেসব হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য আবারও সংসদে ইমডেমনিটি দেওয়া হয়েছিল। যেভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৯ সালের পার্লামেন্টে তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না হওয়ার জন্য ইমডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিল। একই কাজ খালেদা জিয়া করেছিল ২০০২ সালে।’

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যবেক্ষণের পর সিনেমা হল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র শিল্পের গৌরব ফিরিয়ে আনতে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল চালু করা এবং সিনেমা হলগুলোর আধুনিকায়নে স্বল্পসুদ ও দীর্ঘমেয়াদে ব্যাংক ঋণের বিষয়টি বিবেচনায় নিয়েছেন।’

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস প্রমুখ। 

খবর: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত