বাংলাদেশের সঙ্গে ফের বিমান চালুর প্রস্তাব ভারতের

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০২:৪৮ এএম

কভিড-১৯-এর কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ হওয়া বিমান যোগাযোগ পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। গতকাল বৃহস্পতিবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর দপ্তরে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ প্রস্তাব করেন রীভা গাঙ্গুলি। প্রতিমন্ত্রী বিমান চালুর প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী মাহবুব বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা বাংলাদেশ সবসময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দুই বন্ধু রাষ্ট্রের জনগণের মধ্যে আরও সম্পর্ক উন্নয়ন কাজ করছে। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। দিন দিন এ সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। শক্তিশালী সম্পর্ক দুই দেশের জনগণের কল্যাণে ভূমিকা রাখবে।’

মাহবুব আলী আরও বলেন, করোনা-পরবর্তী সময়ে এ অঞ্চলের পর্যটন শিল্পের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র প্রতিষ্ঠা করা প্রয়োজন। প্রতিবেশী বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক ভ্রমণের মাধ্যমে এ অঞ্চলের পর্যটন শিল্প করোনার কারণে সৃষ্ট বিপর্যয় কাটিয়ে উঠতে সক্ষম হবে। এ সময় রীভা গাঙ্গুলি বাংলাদেশে অবস্থানকালে তার সুন্দরবন ভ্রমণের চমৎকার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার একটি দেশ। বাংলাদেশ ও ভারতের মধ্যে পর্যটন সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও অনেক। ভারতের অনুদানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ির অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। তা সমাপ্তির পর ভারতের পশ্চিমবঙ্গের বিশালসংখ্যক মানুষ তা দেখতে বাংলাদেশ ভ্রমণ করবে।’

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন সরাসরি বিমান চলাচল দ্রুত শুরু হবে। বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের অধিবাসীদের জন্য সিলেট বিমানবন্দরকে ট্রানজিট হিসেবে ব্যবহার করাটা অনেক বেশি সুবিধাজনক হবে। জবাবে ভারতীয় হাইকমিশনার এতে একমত পোষণ করেন। বাংলাদেশে দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত