ব্যাট হাতে প্রায়ই হয়ে ওঠেন দুর্ধর্ষ। নিজের ব্যাটিং তেজ এবার নিজেই টের পেলেন আয়ারল্যান্ডের হার্ড হিটার কেভিন ও’ব্রায়েন। বিশাল এক ছক্কা হাঁকিয়ে ভাঙলেন নিজের গাড়ির কাচ!
ইন্টার প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফির ম্যাচ চলাকালীন লেনস্টার লাইটিংয়ের হয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের গাড়ির কাচ ভেঙে বসলেন ও’ব্রায়েন। অথচ, গাড়িটি পার্ক করা ছিল স্টেডিয়ামের বাইরে।
নর্থ-ওয়েস্ট ওরিয়র্সের বিপক্ষে ম্যাচটিতে ৩৭ বলে ৮২ রান করেন ও’ ব্রায়েন। স্কোর দেখেই বোঝা যাচ্ছে যে, ব্যাট হাতে কতটা আগ্রাসী মেজাজে ছিলেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
ম্যাচের পর স্টেডিয়াম থেকে গাড়িটি সারাইয়ের জন্য ও’ব্রায়েন সোজা সার্ভিস সেন্টারে নিয়ে যান। অবশ্য গাড়ির ডিলারদের পক্ষ থেকে টুইট করা হয়েছে, “আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পর মাঠ থেকে সোজা আমাদের কাছে আসতে হয়েছে। চিন্তা করবেন না কেভিন ও’ব্রায়েন, আমরা একেবারে নতুনের মতোই সারিয়ে দেব গাড়ি।”
গাড়ির চূর্ণবিচূর্ণ কাচের ছবি টুইট করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে- “কেভিন ও’ব্রায়েন ছক্কা হাঁকিয়েছেন। …এবং তার গাড়ির জানালার এই দশা। এমনও হয়!”
রি-টুইটে ও’বায়েন লিখেছেন “এর পর থেকে তিনি গাড়িটি স্টেডিয়াম থেকে আরও দূরে পার্ক করবেন।” অর্থাৎ, বিশাল ছক্কা হাঁকানো বন্ধ করবেন না তিনি।
