যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক প্রদর্শনীতে ‘মেড ইন বাংলাদেশ’, লন্ডনের উৎসবে ‘গণ্ডি’

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:২৬ পিএম

কয়েক মাস বন্ধ থাকার পর আস্তে আস্তে সচল হচ্ছে সারা বিশ্বের সিনে ইন্ডাস্ট্রি। তেমন প্রেক্ষিতে শিরোনামে এলো বিদেশের মাটিতে বাংলাদেশের দুই সিনেমার প্রদর্শনীর খবর।

যুক্তরাষ্ট্রে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হচ্ছে রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’। অন্যদিকে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খানের ‘গণ্ডি’।

বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’-এর মুক্তির এবারই প্রথম নয়। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পাশাপাশি ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালে বাণিজ্যিকভাবে মুক্তির পেয়েছে আগে।

রুবাইয়াত জানান, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’। তবে হলে বসে নয়, সিনেমা হলের টিকিট কাটলে ভার্চ্যুয়ালি ছবিটি দেখতে পাবেন দর্শকেরা। আমেরিকার যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে টিকিট কেটে ছবিটি দেখার সুযোগ পাবেন। এভাবেই মুক্তি প্রতীক্ষায় থাকা ছবিগুলোর ‘ভার্চুয়াল থিয়েটার রিলিজ’ দিতে শুরু করেছে আমেরিকা ও অন্যান্য দেশের সিনেমা হলগুলো।

টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটির ইউরোপিয়ান প্রিমিয়ার হয় বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘মেড ইন বাংলাদেশ’-এর পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস। আমেরিকায় পরিবেশক আর্টম্যাটান ফিল্মস।

এ দিকে ১৮ অক্টোবর লন্ডনে শুরু হচ্ছে ‘২১তম রেইনবো চলচ্চিত্র উৎসব’। সেখানে উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ‘গণ্ডি’। সম্প্রতি উৎসব কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজ ও অনলাইনে এ ঘোষণা দিয়েছে।

শুভজিৎ রায়ের ‘পথের সাথী’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটি চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুক্তি পায়। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। আরও অভিনয় করছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, আমান রেজা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত