হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে

আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০৫:৫০ পিএম

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে (ট্রাক সেল) কেজি প্রতি বেড়েছে ৫ টাকা।

সোমবার প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২০/২১ টাকা দরে বিক্রি হলেও বৃহস্পতিবার তা বেড়ে বিক্রি হয় ২৬ টাকা কেজি দরে। এ ছাড়া নতুন নাসিক জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৭ টাকা কেজিতে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক হারুন উর রশীদ ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথে ভারত থেকে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হওয়ার কারণে কোরবানির ঈদে দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় প্রতিবছর দাম বাড়লেও এবার আরো কমেছিল। বন্দর দিয়ে সড়ক ও রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল।

তিনি বলেন, তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যায় পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় সে দেশের বাজারেই দাম বাড়তির দিকে রয়েছে। যার কারণে আগে বন্দর দিয়ে ৩০/৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ২০/২২ ট্রাক আমদানি হচ্ছে। বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও সম্প্রতি নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত