গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মধুমতি নদীতে ট্রলার থেকে পড়ে গিয়ে এক পুলিশ সদস্য ও তার ৬ মাসের শিশু পুত্র নিখোঁজ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার কালনায় নির্মানাধীন ব্রিজের খুঁটির তাদের বহনকারী ট্রলারটি ধাক্কা লাগে। এতে পুলিশ হেডকোয়ার্টার-এর কনস্টেবল আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ৬ মাস বয়সী শিশু মধুমতি নদীতে পড়ে যায়।
কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা রথিন্দ্রনাথ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদের বাড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার চাচই গ্রামে।
ইউএনও রথিন্দ্রনাথ বিশ্বাস জানান, স্ত্রী, ছেলে ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুমতি নদীতে ঘুরতে বেরিয়েছিলেন পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ান। নদীতে প্রবল স্রোত থাকার কারণে ট্রলারটি নির্মানাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে মাঝি ছাড়া ট্রলারের সবাই নদীতে পড়ে যায়।
ট্রলারের মাঝি পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার করতে সক্ষম হলেও শিশুসহ রেজওয়ানকে খুঁজে পাওয়া যায়নি। তাদের উদ্ধারের জন্য গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। এছাড়া খুলনায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।
কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান এবং নড়াইলের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ পিতা-পুত্রের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন।
