স্বেচ্ছাশ্রমে ক্লাবের যুবকরা সংস্কার করলেন ২ কিমি রাস্তা

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০১:৩৩ পিএম

দশে মিলে কাজ করলে সফলতা আসে তারই সাক্ষ্য রাখলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশতৈল ইউনিয়নের বংশীনগর ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা দুই কিলোমিটার রাস্তা সংস্কার করে গ্রামবাসীর চলাচলের উপযোগী করেছেন।

জানা গেছে, চলতি বছরের শুরুতে বংশীনগর গ্রামের ৬৫ জন তরুণ যুবক মিলে প্রতিষ্ঠা করেন বংশীনগর ফ্রেন্ডস ক্লাব।

এ ক্লাব প্রতিষ্ঠার পেছনে তাদের কিছু উদ্দেশ্য রয়েছে। আর তা হল এলাকার তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করা, সামাজিক উন্নয়নে নিজেরে সম্পৃক্ত করা এবং সমাজ থেকে কুপ্রথা দূর করতে একতাবদ্ধভাবে কাজ করা।

এসব কাজে যে অর্থের প্রয়োজন তা তারা জোগান দেন সদস্যদের মাসিক ২০ টাকা চাঁদা এবং সমাজের বিত্তবানদের কাজ থেকে সহায়তা নিয়ে।

সম্প্রতি তাদের নজরে আসে তাদের গ্রামের একটি রাস্তার দিকে। বংশীনগর-তক্তাচালা সড়কের সঙ্গে সংযোগকৃত বংশীনগর ফরেস্ট অফিস থেকে বংশীনগর উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা।

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে এবং মহিষের গাড়ি, ঠেলাগাড়ি এবং টমটম চলে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে গ্রামের শত শত লোক প্রতিদিন চলাচল করে। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে ক্লাবের তরুণেরা রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়।

এর জন্য তারা এলাকার সচ্ছল লোকদের কাছে সহায়তা চায় এবং নিজেদের মাসিক চাঁদা পরিশোধ করে গত ২০/২৫ দিন আগে রাস্তাটি সংস্কারের কাজ করে তারা।

ক্লাবের সহসভাপতি সাইদুর রহমান বলেন, আমরা ক্লাবের সদস্যরা অন্তত ২০/২৫ দিন কাজ করে ইটের সলিং এর কাজ সম্পন্ন করেছি। এখন ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ স্বস্তিতে চলতে পারছে।

বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওই এলাকার বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ক্লাবের ছেলেদের প্রশংসিত উদ্যোগটি দেখে আমার ভালো লেগেছে। তাদের কাজে সহায়তার জন্য প্রয়োজনীয় ইট দিয়ে তিনি সহায়তা করেছেন বলে জানান।

বংশীনগর ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাপম টিটু বলেন, আমরা গ্রামের তরুণ যুবকরা মিলে ভালো উদ্দেশ্য নিয়ে সংগঠিত হয়েছি। এলাকার প্রতিটি ভালো কাজের সঙ্গে আমরা যুক্ত থাকার জন্য কাজ করে যাচ্ছি।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, তরুণ যুবকদের এই কাজ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাদের মতো সমাজের উন্নয়নে সবাই যদি ভূমিকা রাখে তাহলে অনেক বড় সফলতা আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত