দক্ষিণ আফ্রিকায় এক প্রতিবন্ধী কিশোরকে গুলি করে হত্যার অভিযোগে দেশটির পুলিশ বাহিনীর দুই অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রাজধানী জোহানেসবার্গের উপকণ্ঠে গত বুধবার পুলিশের গুলিতে নাথানিয়েল জুলিয়াস নামে ১৬ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়।
শারীরিক ও বুদ্ধিভিত্তিক প্রতিবন্ধকতা ‘ডাউন সিনড্রোম’ রয়েছে জোহানেসবার্গের এলডোরাদো পার্কের বাসিন্দা নাথানিয়েলের। মাদক ও অপরাধের কারণে কুখ্যাতি রয়েছে ওই এলাকাটির।
নাথানিয়েলের পরিবারের সদস্যরা বলছে, ঘটনার দিন বিস্কুট কিনতে বাড়ি থেকে বের হয়েছিল সে। কিন্তু পুলিশ পেট্রলে গুলিতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, অক্ষমতা থাকায় পুলিশের প্রশ্নের উত্তর দিতে না পারায় নাথানিয়েলকে পুলিশ গুলি করে।
এই ঘটনায় দুই পুলিশ অফিসারের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকার দ্য ইন্ডিপেনডেন্ট পুলিশ ইনভেস্টিগেটিভ ডিরেক্টোরেট (আইপিআইডি)। এক বিবৃতিতে বলা হয়েছে, এই হত্যাকাণ্ডের পর্যাপ্ত প্রমাণ হাতে থাকার সাপেক্ষে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে।”
এদিকে, প্রতিবন্ধী কিশোর নাথানিয়েলের হত্যাকাণ্ডের প্রতিবাদে জোহানেসবার্গে বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। এসব বিক্ষোভে প্রেসিডেন্ট সিরিল রামফোসার পদত্যাগেরও দাবি উঠেছে।
