যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে জর্জ ফ্লয়েড নামের ৪৬ বছর বয়সী কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে হত্যার ঘটনায় মামলা খারিজের আবেদন করেছেন অভিযুক্ত শ্বেতাঙ্গ পুলিশ অফিসার ডেরেক চাওভিন।
শুক্রবার চাওভিনের অ্যাটর্নি আদালতে বলেন, সেকেন্ড-ডিগ্রি হত্যা, থার্ড-ডিগ্রি হত্যা এবং সেকেন্ড-ডিগ্রি হত্যাযজ্ঞের অভিযোগ সমর্থন করার কোনো কারণ নেই।
কিন্তু প্রসিকিউটররা এই দাবিতে সাড়া দেননি। তারা মনে করছেন, চাওভিনসহ বাকি তিন অফিসার দোষী সাব্যস্ত হলে স্টেট গাইডলাইনের চেয়েও কঠিন শাস্তি প্রাপ্য হবে তাদের।
মে মাসের ২৫ তারিখ ফ্লয়েডকে হত্যা করা হয়। অভিযুক্তরা ফেঁসে যান এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিও ফুটেজে। সেখানে দেখা যায়, গলায় হাঁটু চেপে ধরায় ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না’।
ওই ঘটনার পর চাওভিনসহ আর তিন শ্বেতাঙ্গ পুলিশ অফিসারকে বরখাস্ত করা হয়।
ফ্লয়েডের মৃত্যুর পর আমেরিকায় তীব্র আন্দোলন শুরু হয়। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গও সেই আন্দোলনে সামিল হন।
