ব্যাটসম্যানদের বোলিং করতে পেরে আল-আমিনের স্বস্তি

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১১:৩৯ পিএম

শ্রীলঙ্কা সফর সামনে রেখে এখনো আনুষ্ঠানিকভাবে দলগত অনুশীলন শুরু হয়নি বাংলাদেশ দলের। তবে করোনা ধাক্কা কাটিয়ে বেশ আগে থেকেই একক অনুশীলন করছেন ক্রিকেটাররা। এরই মধ্যে অবশ্য ব্যাটসম্যান-বোলাররা জুটি বেঁধে অনুশীলনও শুরু করেছেন। দীর্ঘদিন পর ব্যাটসম্যানদের বল করতে পেরে পেসার আল-আমিন হোসেন জানালেন স্বস্তির কথা।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেরিত এক ভিডিও বার্তায় আল-আমিন বলেন, ‘দুই সপ্তাহ আমরা ওয়ান টু ওয়ান প্র্যাকটিস করেছি। এই সপ্তাহে আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারছি। এ জন্য একটু স্বস্তি লাগছে নিজেদের ভেতরে।’

সেটা স্বাভাবিকই। ঈদের পর থেকে মিরপুরে অনুশীলন করে আসছিলেন আল-আমিন। একক অনুশীলনে ফিটনেস নিয়ে কাজ করার পাশাপাশি শুধু স্পট বোলিং করেছেন। কিন্তু শুধু উইকেট লক্ষ্য করে বোলিংয়ে কি আর মন ভরে!

দলগত অনুশীলন শুরু না হলেও আল-আমিন বলছেন ভালো প্রস্তুতি হচ্ছে আসছে সিরিজ সামনে রেখে। ‘এত দিন অনলাইনে কোচদের মিটিং বা যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলছিলাম। কিন্তু এখন মাঠে অনুশীলনটা পুরোদমে শুরু হয়েছে। সামনের সপ্তাহে হয়তো আরও ভালোভাবে শুরু হবে। সব মিলিয়ে সামনে যে শ্রীলঙ্কা সিরিজ আসছে, সেটির জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’- বলেন ৩০ বছর বয়সী ডানহাতি পেসার।

অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে টাইগারদের। সেপ্টেম্বরের শেষ দিকে দ্বীপ দেশটিতে পাড়ি দেওয়ার কথা টাইগারদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত