রাজধানীতে পৃথক ঘটনায় ৩ জনের অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০২:২৭ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে খিলক্ষেতের কুড়াতলী এলাকায় নার্গিস খাতুন (৩০) নামে এক নারী পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া কামরাঙ্গীরচরের মমিনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাশেম মিয়া (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তা ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থতাজনিত কারণে মো. মিলন মিয়া (৩৫) নামে এক হাজতির মৃত্যুর কথা জানিয়েছে কারা কর্র্তৃপক্ষ।

খিলক্ষেত থানার এসআই মো. শাহজাহান আলী সরদার জানান, শুক্রবার বিকেল থেকে রাত সাড়ে ১২টার মধ্যে যেকোনো সময় কুড়াতলী পশ্চিমপাড়া ৫০-৮/বি নম্বর টিনশেড বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন নার্গিস। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। ফাঁস দেওয়ার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নার্গিস ময়মনসিংহের ঈশ^রদী উপজেলার দ্রামদি গ্রামের স্ত্রী।

বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কাশেম মিয়ার সহকর্মী মোফাস্সেল জানান, তাদের সঙ্গে রাজমিস্ত্রির কাজ করতেন কাশেম। গতকাল মমিনবাগ সিলেটি বাজারের পাশে একটি নির্মাণাধীন একতলা ভবনে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ১১টার দিকে গরমের কারণে নিচতলায় স্ট্যান্ড ফ্যান চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাশেম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদরকান্দি গ্রামের বাসিন্দা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. রবিউল ইসলাম বলেন, গতকাল সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিলন মিয়া। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মিলন মিয়ার হাজতি নং ৫২০০৪/১৯। বাবার নাম শাহজালাল। তবে তার মামলা সম্পর্কে বলতে পারছি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত