গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ১১:২৪ পিএম

বাংলাদেশে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি। আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে রবিবার বিএনপির উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত চাই।

অনুষ্ঠানে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও নিপীড়ন-নির্যাতন নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন। দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদের সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহিদুজ্জামান, ১৯৭৪ সালে গুম হওয়া ন্যাপ নেতা আবু বকর জাফর উদ-দৌলা দিপুর বোন বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম, ২০১৭ সালে গুম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস, ২০১৩ সালে গুম হওয়া ঢাকার ৩৮ নং ওয়ার্ডের নেতা সাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম ও গুম হওয়া লাকসাম পৌরসভার সভাপতি পারভেজ কবির হীরুর স্ত্রী শাহনাজ আখতার বক্তব্য রাখেন।

এতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ বিএনপির আবদুল আউয়াল মিন্টু, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিদ আউয়াল, জেবা আহমেদ, মীর হেলাল, ফারজানা শারমিন, জাহিদুল আলম হিটু, জুয়েল মণ্ডল, ইয়াসীর খান চৌধুরী প্রমুখ যুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত