প্রণব মুখার্জির মৃত্যুতে শচিন-কোহলিদের শোক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ এএম

প্রণব মুখার্জির মৃত্যুতে পুরো ভারতজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে শোকে মুহ্যমান ভারতীয় ক্রীড়াঙ্গনও।

কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার, ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে থেকে শুরু করে বীরেন্দর শেওয়াগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণরা টুইট করে শোক প্রকাশ করেছেন।

শোকবার্তা জানান ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, শাটলার সাইনা নেহওয়াল থেকে বক্সার বিজেন্দ্র সিং। তাদের কারো কাছে প্রণব মুখার্জি অনুপ্রেরণা, কারো কাছে মহান নেতা।

টেন্ডুলকার লিখেছেন, ‘সাবেক প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জির চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত আমি। কয়েক দশক তিনি ভারতকে গভীর ভালোবাসার সঙ্গে সেবা করে গেছেন। তার পরিবার ও কাছের মানুষদের জন্য সমবেদনা রইল। ঈশ্বর তার আত্মাকে শান্তিতে রাখুন।’

টুইটারে কোহলি লিখেছেন, ‘‌দেশ একজন অসাধারণ নেতাকে হারাল। শ্রী প্রণব মুখার্জির প্রয়াণের খবর শুনে খুবই দুঃখ পেয়েছি। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

সোমবার দিল্লির সেনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রণব মুখার্জি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি।

ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন প্রণব মুখার্জি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত