বিএনপি নিজেই গণতন্ত্রের জন্য বাধা : তথ্যমন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১১:১০ পিএম
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নিজেই গণতন্ত্রের জন্য বাধা।’ তিনি মঙ্গলবার সচিবাললয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় অনুষ্ঠানের শুরুতেই বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের একথা বলেন। বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ‘গণতন্ত্র পুণরুদ্ধারই বিএনপির চ্যালেঞ্জ’ এ সম্পর্কে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘বিএনপি’র আভ্যন্তরীণ গণতন্ত্র কতটুকু আছে, সেটি বড় প্রশ্ন। এ দলের (বিএনপির) কেন্দ্রীয় কমিটির আকার যদি দেখেন, তাহলে দেখবেন এই কমিটির বৈঠক করার জন্য-তো হল ভাড়া নিতে হবে। আমি মনে করি, বিএনপির আভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ড. হাছান বলেন, ‘একইসাথে বলবো, যুদ্ধাপরাধীদের যে দল দলগতভাবে স্বাধীনতার বিরোধিতা করেছে, সেই দল হচ্ছে বিএনপির প্রধান সহযোগী এবং যুদ্ধাপরাধী, জঙ্গিগোষ্ঠীকে বিএনপি পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। বাংলাদেশে গণতন্ত্র আছে, আর তারা যদি গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে, তাহলে তো তাদের এ পথ থেকে সরে আসতে হবে।’ খবর: বাসস
×
সর্বশেষ সর্বাধিক পঠিত