অস্ট্রেলিয়ায় ২২ লাখ টাকার ব্যাগ নিয়ে হইচই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৮ পিএম

ফ্রান্স থেকে কুমিরের চামড়ার একটি ব্যাগ কিনে অস্ট্রেলিয়ায় নিয়ে মহাবিপদে পড়েছেন এক নারী। ২২ লাখ টাকা মূল্যের ওই ব্যাগটি ধ্বংস করা হবে। এরপরে ‘অভিযুক্তের’ জেল-জরিমানাও হতে পারে!

বিবিসি জানিয়েছে, অনলাইনে কেনা ওই ব্যাগটি সম্প্রতি অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স উদ্ধার করে।

কুমিরের চামড়ার ব্যাগ আমদানি করে অস্ট্রেলিয়ায় নেয়া যায়, তবে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। লাগে বিশেষ অনুমতি।

ব্যাগটি নিয়ে অস্ট্রেলিয়ান সরকারের অনেক কর্মকর্তা কথা বলেছেন। পরিবেশমন্ত্রী এই ঘটনাকে ‘খরুচে সতর্কবার্তা’ হিসেবে মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়ান গণমাধ্যম জানিয়েছে, এভাবে বন্যপ্রাণীর চামড়ার পণ্য অনুমতি ছাড়া আমদানি করলে ১০ বছরের জেল হতে পারে। অন্যথায় কয়েক লাখ টাকা জরিমানা দিতে হয়।

‘আমরা অনলাইনে কী কেনাকাটা করছি, সে বিষয়ে সবার সতর্ক হওয়া উচিত,’ মন্তব্য করে অস্ট্রেলিয়ান পরিবেশমন্ত্রী সুশান লে বলেছেন, ‘এভাবে বন্যপ্রাণীর চামড়া দিয়ে তৈরি পণ্য আমদানির বিষয়টিতে আমরা আরও কঠোর হব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত