ঝন্টুর সিনেমায় ইতিহাস বিকৃতির অভিযোগ এনে আইনি নোটিশ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৪১ পিএম

মান্না ও মৌসুমী অভিনীত ‘বীর সৈনিক’ মুক্তি পায় ২০০৩ সালে। সেই সিনেমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে পাঠানো হয়েছে আইনি নোটিশ।

সিনেমাটিতে কোথাও শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি এবং ‘মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন’ বলে উল্লেখ করা হয়েছে। এ জন্য সিনেমাটির প্রচার ও প্রদর্শন স্থগিত চেয়েছেন এটিএম মাকসুদুল হক ইমু। তার পক্ষে বৃহস্পতিবার আইনি চিঠি পাঠিয়েছেন আইনজীবী মোস্তফা কামাল মুরাদ।

‘বীর সৈনিক’ পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য রচনা ও প্রযোজনা করেছেন ঝন্টু।

অভিযোগকারী ইমু বলেন, ‘‘বীর সৈনিক’ সিনেমার কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করা হয়নি। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার কোথাও ৭ মার্চের উল্লেখ নেই। এসএস মাল্টিমিডিয়ার ইউটিউবে সিনেমাটি প্রকাশ করা হয়েছে। সিনেমায় অভিনেতা যখন ৭ মার্চের কথা বলেন, ঠিক সেখান থেকেই কিছু অংশ কেটে ফেলা হয়েছে- যা স্পষ্ট দৃশ্যমান ও উদ্দেশ্যপ্রণোদিত।”

ইমুর প্রশ্ন, ‘‘১৯৭১ সালে ৭ মার্চের কি কোনো গুরুত্ব ছিল না? নাকি ৭ মার্চ না এসেই হঠাৎ করে ২৬ মার্চ এসেছিল? এই সিনেমার সবচেয়ে বিকৃত ও বাজে দৃশ্য হলো, একটি জায়গায় অভিনেতা বলছেন— ‘চিটাগাং রেডিওতে আমাদের বাঙালি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন।’ এর মানে পরিচালক বলতে চাইছেন— ‘স্বাধীনতার ঘোষক জিয়া’! এটা কি ইতিহাসের বিকৃতি নয়?’’

ইমু এ প্রসঙ্গে জানতে এসএস মাল্টিমিডিয়ার কর্ণধার, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এম এন ইস্পাহানির সঙ্গে দেখা করেন এবং বিতর্কিত অংশটুকু সিনেমা থেকে বাদ দিয়ে ইউটিউবে পুনরায় মুক্তি দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তা করা হয়নি। সিনেমাটির এই বিভ্রান্তিমূলক অংশের জন্য ভবিষ্যৎ প্রজন্মসহ তরুণ প্রজন্ম মারাত্মকভাবে বিভ্রান্তির শিকার হবে বলে মনে করেন এই মুক্তিযোদ্ধার সন্তান।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত