তুরস্ককে হুমকি দেওয়া বন্ধ করতে হবে: গ্রিক প্রধানমন্ত্রী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০৩:২১ পিএম

পূর্ব ভূমধ্যসাগরে তীব্র উত্তেজনার মধ্যে গুঞ্জন আলোচনায় বসতে যাচ্ছে বিবাদমান দুই পক্ষ গ্রিস ও তুরস্ক। কিন্তু সে সম্ভাবনা আপাতত উড়িয়ে দিয়েছে এথেন্স।

গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোতাকিস জানিয়েছেন, উত্তেজনা হ্রাসের উদ্যোগ নেওয়ার আগে আঙ্কারাকে অবশ্যই হুমকি দেওয়া বন্ধ করতে হবে। এর আগে কোনো আলোচনা নয়।

গ্রিসে সফররত চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে সাক্ষাতের সময় তুরস্কের সঙ্গে উত্তেজনা প্রসঙ্গে মিটসোতাকিস বলেন, “হুমকি দেওয়া বন্ধ হোক, এরপর আলোচনা শুরু হতে পারে।”

ভূমধ্যসাগরের জলসীমায় তুরস্কের ‘বেআইনি কার্যকলাপ’ প্রসঙ্গে শুক্রবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরসকে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী নিকোস দেনদিয়াস অবহিত করবেন বলেও জানান প্রধানমন্ত্রী মিটসোতাকিস।

হঠাৎ করে খবর বের হয়, উত্তেজনা নিরসনে ন্যাটোর মধ্যস্থতায় তুরস্কের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে গ্রিস। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এসব খবরের কোনো ভিত্তি নেই।

“পূর্ব ভূমধ্যসাগরে উত্তেজনা নিরসনে গ্রিস ও তুরস্ক তথাকথিত কৌশলগত আলোচনায় বসতে রাজি হয়েছে বলে সে তথ্য প্রকাশিত হয়েছে তা সত্যি নয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত