খুলনার উপকূলীয় কয়রা উপজেলার ৭ ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাধীনতার ৪৯ বছর উপলক্ষে ৪৯ মিনিটে বিভিন্ন প্রজাতির ৪৯ হাজার গাছের চারা লাগানো হয়েছে। সবুজ কয়রা গড়ার লক্ষ্যে মানবকল্যাণ ইউনিটের উদ্যোগে গাছগুলো লাগানো হয়।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সাংসদ মো. আক্তারুজ্জামান বাবু।
মানবকল্যাণ ইউনিটের সভাপতি আল-আমিন ফরহাদ জানান, সবুজ কয়রা গড়ার লক্ষ্যে মানবকল্যাণ ইউনিটের উদ্যোগে ‘প্রকল্প অক্সিজেন’-এ বেসরকারি সংস্থা বন্ধু ফাউন্ডেশন, গিভ বাংলাদেশ ও আমরাই বাংলাদেশের সহযোগিতায় ৪১০০ স্বেচ্ছাসেবক গাছ লাগানোর কাজে অংশ নেন। উপজেলার কিছু জলাবদ্ধ এলাকা বাদে আমাদি, বাগালী, মহেশ্বরপুর, মহারাজপুর, কয়রা সদর, উত্তর বেকদশী, দক্ষিণ বেকদশী- এই ৭ ইউনিয়নে বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিরীষ, লম্বু, পেয়ারা, কদবেল, ছবেদা, তেঁতুল, কৃষ্ণচূড়া, বকুল, জামরুল, আমলকী, আম, জাম, নিম ও তালগাছের চারা।
উপজেলা মানবকল্যাণ ইউনিটের নেতৃত্বে ১৭টি স্বেচ্ছাসেবী সংগঠন আগামী এক বছর চারাগুলোর পরিচর্যা করবে। স্থানীয় অতিদরিদ্র এক হাজার মানুষ ফলদ গাছগুলো দেখাশোনা করার পাশাপাশি ফল গ্রহণ করবেন। বৃক্ষরোপণের মূল লক্ষ্য বারবার প্রাকৃতিক দুর্যোগ এবং ঘূর্ণিঘড় আম্পানে ক্ষতিগ্রস্ত উপকূলীয় কয়রার লোনা পানিতে ভেঙে পড়া সবুজ বেষ্টনী পুনরুদ্ধার করে কয়রাকে সবুজে রূপান্তরিত করা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজ প্রমুখ।
