ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৯ এএম

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে নিচে পড়ে জুবায়ের আহমেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার নয়াকান্দি গ্রামের বাসিন্দা ও সৌদিপ্রবাসী জয়নাল মিয়াজির দুই সন্তানের মধ্যে জুবায়ের ছোট। পরিবারের সঙ্গে গ্রামেই থাকত। পড়ত নার্সারিতে।

জুবায়েরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া মেহেদী হাসান দেশ রূপান্তরকে বলেন, আমার খালাতো বোনের ছেলে জুবায়ের। বৃহস্পতিবার বেড়াতে এসেছিল। শুক্রবার সকালে একতলা ভবনের ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবসত নিচে পড়ে গুরুতর আহত হয়। উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক সকাল ৯টায় মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত