চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের সমাবেশে বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে রাঙ্গামটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙ্গামাটি জেলার উদ্যোগে গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড রাঙ্গামাটি জেলার আহ্বায়ক নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সৈকত রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সন্তান কমান্ডের সদস্য সুব্রত দাশ, জুয়েল বড়ুয়া, উত্তম দেবনাথ, দিদারুল আলম ও রবি বড়ুয়া।
বক্তারা মানববন্ধনে বর্তমান মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও একজন সাংসদের নির্দেশে মুক্তিযোদ্ধাদের সমাবেশে হামলা এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের ওপর হামলার নিন্দা জানান।
অপরদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ‘সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র’ বন্ধ করার দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
