স্বাস্থ্যসেবায় চসিকের গৌরব পুনরুদ্ধার করব : সুজন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:০১ এএম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেছেন, চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চসিকের হারানো গৌরব পুনরুদ্ধার করা হবে। গতকাল শনিবার সকালে কাট্টলী মোস্তফা হাকিম সিটি করপোরেশন মাতৃসদন হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

খোরশেদ আলম সুজন বলেন, একসময় সিটি করপোরেশনের মেটারনিটি হাসপাতালগুলো প্রসূতি মায়েদের সেবা প্রদানে নগরবাসীর আস্থা অর্জন করেছিল। দূর-দূরান্ত থেকে মানুষ এখানে সেবা নিতে আসত। সর্বোপরি চিকিৎসাব্যবস্থার দক্ষতা ও সক্ষমতা সুপ্রতিষ্ঠিত ছিল। পরে নানা কারণে সেই সুনাম আর ধরে রাখা সম্ভব হয়নি। পরিদর্শনকালে সুজন হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের খোঁজখবর নেন। সেবা পেতে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চান। প্রশাসক হাসপাতালে রোগী স্বল্পতায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার এই ঝটিকা অভিযান চলমান থাকবে। এতে কোনো অনিয়ম, দুর্নীতি কিংবা সেবাবঞ্চিতের অভিযোগ আমলে নিয়ে কর্তব্যরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত