১৯৯৬ সালের আজকের দিনে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর ২৪ বছর পরও মানুষ তাকে স্মরণ করছে শ্রদ্ধা ভরে। সালমান শাহ’র প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক।
সাইমন সাদিক বলেন, ‘সালমান শাহ। ১৯৯৬ সাল থেকে ২০২০। দীর্ঘ ২ যুগ। এ দিন আপনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমার মনে হয় এই তো সেদিন তার মৃত্যু হলো।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় সারা বিশ্বে এত অল্প সময়ে এত জনপ্রিয় আর কোনো তারকা হতে পারেননি। এত বিশাল আবেগ, এত বিশাল শ্রদ্ধার জায়গায় আর কেউ যেতে পারেনি। তিনি দিন দিন যেন আরও ছড়িয়ে যাচ্ছেন মানুষের কাছে। ছড়িয়ে যাচ্ছেন নতুন প্রজন্মের কাছে। আজ সালমান শাহর মৃত্যুবার্ষিকী। অনেক শ্রদ্ধাভরে তাকে স্মরণ করি। অনেক ভালোবাসি আপনাকে। আপনার চলে যাওয়া বাংলা সিনেমাকে অনেক বেশি পিছিয়ে দিয়ে গেছে। এ ক্ষতি পূরণ হওয়ার নয়। আপনি যেখানেই থাকুন ভালো থাকুন।’
