মুন্সীগঞ্জ সদর ও সিরাজদীখান উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শনিবার রাতে সদর উপজেলার আটপাড়া ও ধলাগাঁও এবং সিরাজদীখানের মালখানগরে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পলাশ বেপারি, পলাশ শেখ, সোহেল মোল্লা, রুবেল শেখ। তাদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি কার্তুজ ও ৫৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা ডিবির ওসি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া থেকে পলাশ বেপারি ও পলাশ শেখকে ৪৫টি ইয়াবাসহ আটক করা হয়। পরে পলাশ বেপারির বাড়ি থেকে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, পাঁচটি গুলি, তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যেও ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে সদরের পূর্ব দেওসার থেকে সোহেল মোল্লাকে ৪০০টি ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া মালখানগর থেকে রুবেল শেখকে ১০০টি ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে মুন্সীগঞ্জ ও সিরাজদীখানে মামলা করা হয়েছে।
