বেশ কয়েকদিন বাড়তি থাকার পরে আবারও ২৪ ঘণ্টার ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা।
একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ১২৫ থেকে ১৩০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বীণা বলেন, অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশে কাঁচা মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যাহত হয়। যার কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমায় দাম অনেকটা বেড়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচা মরিচের সরবরাহ স্বাভাবিক ও দাম নাগালের মধ্যে রাখতে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি অব্যাহত রয়েছে।
দেশের বাজারে বাড়তি দাম ও চাহিদা ভালো থাকায় মরিচের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা।
রবিবার বন্দর দিয়ে একদিনেই ৩৫ ট্রি (মিনি পিকআপ ও বড়) ট্রাকে ২৫০টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। একইভাবে দেশের অন্যান্য বন্দরগুলো দিয়েও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এতে করে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
