জোড়া খুনের আসামি দিয়েই চলছে দিনাজপুর স্বেচ্ছাসেবক লীগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫০ পিএম

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি মাত্র একজন ব্যক্তিই চালাচ্ছেন। তিনিও আবার জোড়া খুনের মামলার তিন নম্বর চার্জশিটভুক্ত আসামি! এতে দীর্ঘদিন ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যক্রম নেই বললেই চলে।

বর্তমান কমিটির সভাপতি আবু ইমাম জাফর রজব হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জোড়া খুনের একটি মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ার পর তাকে বহিষ্কার করা হয় কেন্দ্র থেকে। বর্তমানে বহিষ্কৃত এই নেতা কারাগারে আছেন। অপরদিকে দুজনের এই কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির স্বপদে বহাল থাকলেও পরবর্তীতে তাকেও ওই মামলার চার্জশিটভুক্ত তিন নম্বর আসামি করা হয়। ফলে জাকারিয়া জাকির দলের কোন কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্বেচ্ছাসেবক লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

অনেকেই মনে করছেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইমাম জাফর রজবকে যখন জোড়া খুনের মামলায় চার্জশিটভুক্ত আসামি করা হয় সেই সময়েই তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়। কিন্তু সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরের বিষয়ে দল কোন সিদ্ধান্ত এখন পর্যন্ত নেননি। এই নেতাকে দল থেকে বহিষ্কার করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ কর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, প্রায় ৫ বছর আগে মাত্র দুজন ব্যক্তিকে নিয়ে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি গঠন করা হয়েছিল। পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটির জন্য তালিকা করে কেন্দ্রে পাঠালে কেন্দ্র সেই কমিটিকে অনুমোদন দেয়নি। ফলে দুজন ব্যক্তি দিয়েই বছরের পর বছর দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি পরিচালিত হয়ে আসছিল। কিন্তু বর্তমানে সভাপতিকে বহিষ্কার করার কারণে দলটির দায়িত্বে শুধু মাত্র সাধারণ সম্পাদক আছেন। তিনিও আবার মামলার চার্জশিটভুক্ত আসামি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের দুজনের কমিটির মধ্যে সভাপতি আবু ইমাম জাফর রজব যখন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান চার্জশিটভুক্ত আসামি হলেন তখন কেন্দ্র থেকে তাকে বহিষ্কার করা হলো। পরবর্তীতে একই মামলায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকও চার্জশিটভুক্ত তিন নম্বর আসামি হলেন। কিন্তু দল তাকে বহিষ্কার করলেন না। ফলে আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত আছি তারাও কিছুটা হতাশ। এই দুর্যোগকালীন সময়েও জেলা স্বেচ্ছাসেবক লীগের কোন কার্যক্রম পরিচালনা করতে পারছি না। পুরোনো এই কমিটিকে ভেঙে নতুন কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে আহ্বান জানান এই নেতা।

এদিকে বেশ কিছুদিন আগে সৈয়দপুর বিমান বন্দরে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির বিষয়ে জানতে চাইলে সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টা দেখছি। যখনই আমাদের এ রকম কোন কিছু দৃষ্টিগোচর হয় তখনই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর কাছে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, আমি দুদিন ধরে অসুস্থ। আমি করোনা পজিটিভ। তবে বিষয়টা দেখব বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত