করিমগঞ্জে সিঁধ কেটে ঘর থেকে তুলে নিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে পাঁচ বছর বয়সী এক শিশুকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার রাতে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের সাঁতারপুর গ্রামে এই শিশু ধর্ষণের ঘটনাটি ঘটে।

সোমবার সকালে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক মোহাম্মদ আলী (৪৫) বাড়ি ছেড়ে পালিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতের খাবার শেষে শিশুটি নিজেদের ঘরে বাবা-মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। মধ্যরাতের দিকে মোহাম্মদ আলী সিঁধ কেটে তাদের ঘরে ঢুকে ঘুমন্ত শিশুটিকে বাড়ির পাশের ফসলি মাঠে তুলে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ শেষে ফেলে রেখে যায়। শিশুটির চিৎকার শুনে গ্রামের এক নারী ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সোমবার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিন্দার ঝড় ওঠে। পরে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। 

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক মোহাম্মদ আলীকে গ্রেপ্তারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে। এছাড়া এ ঘটনায় সোমবার সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত