ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় গ্যাস কর্তৃপক্ষ ও মসজিদ কমিটির কারও কোন গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ও তদন্ত কার্যক্রম চলছে।
তিনি সোমবার দুপুরে মানিকগঞ্জে ১৬০টি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন ও সরকারি পর্যায়ে বাংলাদেশে প্রথম মাদক নিরাময় কেন্দ্রের পাইলট প্রকল্পের জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
ডিআইজি হাবিবুর রহমান বলেন, ঘটনার দায়দায়িত্ব নিরুপণের জন্য সরকারের পক্ষে প্রশাসনিক কমিটি গঠন করা হয়েছে ও আইনী প্রক্রিয়া শুরু হয়েছে। থানায় মামলা রুজু হয়েছে ও সেভাবে মামলার তদন্ত কার্যক্রম চলছে। শোনা যাচ্ছিল, কয়েকদিন যাবত মসজিদের পাইপ থেকে গ্যাস নির্গত হচ্ছিল। গাফলতি যদি দেখতে যাই তাহলে মসজিদ নির্মাণ থেকে শুরু করত হবে। শোনা যাচ্ছে, মসজিদের নিচ দিয়ে গ্যাস সংযোগ পাইপ দেওয়া হয়েছে। মসজিদের অনুমতি এবং ডিজাইন আমরা তদন্ত করে দেখছি।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ। পরে তিনি জেলা পুলিশ লাইন্স গেটে টেরাকোটার উদ্বোধন করেন।
