সাভারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৭ পিএম

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় রিয়াদ নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত অবস্থায় মোটরসাইকেল চালককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত রিয়াদ (২৪) চাঁদপুর জেলার মতলব থানার সেনগাবচর গ্রামের মাহবুব ইসলামের ছেলে। তিনি রাজধানীর গাবতলীতে থাকতেন।

হাইওয়ে পুলিশ জানায়, ভোরে গাবতলী থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে বাইপাইলের উদ্দেশ্যে রওনা হন রিয়াদ নামের ওই যুবক। পরে রাজফুলবাড়িয়া এলাকায় মোটরসাইকেলটি সামনে থাকা একটি দ্রুতগতির কাভার্ডভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় দুর্ঘটনাবশত কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান চালক ও রিয়াদ নামে ওই আরোহী।

স্থানীয়দের সহায়তায় তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহহেল বাকী জানান, মরদেহ সাভার মডেল থানা-পুলিশের হেফাজতে হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত