পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মার্বেল খনিতে পাথর ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। খনিতে আটকা পড়েছেন আরও ২০ জন আটকা পড়ে আছেন বলেও ধারণা করা হচ্ছে।
আফগানিস্তান সীমান্তঘেঁষা খয়বর পাখতুনখাওয়া রাজ্যে মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার সন্ধ্যায় শ্রমিকদের ওপর সাদা মার্বেলের পাথর খণ্ড শ্রমিকদের ওপর ধসে পড়ে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
রাজ্য সরকারের খনি এবং খনিজ মন্ত্রী মোহাম্মদ আরিফ এএফপিকে বলেন, “মার্বেল পাথরের খনিতে পাথ ধসের পর এখন পর্যন্ত ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আহত আরও ২০ জনকে।”
তিনি জানান, পাথর ধসের ফলে খনিতে আরও প্রায় ২০ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
মৃত্যুর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন মোহমান্দ জেলার সিনিয়র কর্মকর্তা হামিদ ইকবালও।
দীর্ঘ সময় ধরে পরিশ্রমের পর শ্রমিকেরা প্রায়ই খনির নিচে বিশ্রাম নিয়ে থাকেন। বিশ্রাম দেওয়ার সময়ই পাথর ধসের ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের খনিগুলোতে খুবই ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন শ্রমিকেরা। নিরাপত্তাহীনতার কারণে খনিতে নানা দুর্ঘটনায় প্রতি বছর অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে।
২০১১ সালে বেলুচিস্তানের সোরেঙ্গে জেলার একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছিল।
