রমনা পার্ক উন্মুক্ত চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০২:১৭ এএম

রাজধানীর ঐতিহ্যবাহী রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন।

এতে রমনা পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুলের আরজি জানানো হয়। রিটে গণপূর্ত সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানান ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘১৬১০ খ্রিস্টাব্দ (মুঘল আমল) থেকে রমনা পার্ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত। করোনা সংক্রমণের কারণে গত মার্চ থেকে এখানে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়। অফিস-আদালত স্বাভাবিক হলেও রমনা পার্ক বন্ধই রয়েছে। এতে নানা শ্রেণি-পেশার স্বাস্থ্য সচেতন মানুষ প্রাতঃভ্রমণ, ব্যায়াম, প্রাকৃতিক ও নির্মল পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত