কুষ্টিয়ায় শিশু ধর্ষণ মামলায় প্রতিবেশী যুবকের যাবজ্জীবন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৯ পিএম

কুষ্টিয়া খোকসা থানার শিশু ধর্ষণ মামলায় ছানার মাঝি (৩৮) নামে প্রতিবেশী যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ছানার মাঝি খোকসা উপজেলার আমবাড়িয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আবেদ আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় এজাহারকারী শিশুকন্যা (১০) বাড়ির পাশে মাঠে ছাগল আনতে যায়।

এ সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামি ছানার মাঝি শিশুটিকে জোরপূর্বক মুখ চেপে ধরে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি আহত শিশুটিকে মাঠের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা পরদিন ২১ জুন ২০১৯ তারিখে খোকসা থানায় আসামি ছানার মাঝির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ এনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ৩১/০৭/২০১৯ তারিখে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, খোকসা থানার এই শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামি ছানার মাঝির বিরুদ্ধে অভিযোগ গঠন ও দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর দ:বি: ৯(১) ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত