নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি ধার্য তারিখে প্রতিবেদন দিতে পারেনি। বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হলেও আরও ৭ দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।
দেশ রূপান্তরকে এই তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. জসীম উদ্দিন।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, জেলা প্রশাসনের তদন্ত কমিটি আরও সাত দিনের সময় চেয়েছে। বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে তথ্য নিতে আরও কিছু সময় লাগবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির সদস্যরা। তবে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় বায়তুস সালাত জামে মসজিদের ভেতর ঘটে ভয়াবহ এক বিস্ফোরণ। মুহূর্তেই মৃত্যুকূপ পরিণত হয় মসজিদটি। ঘটনাস্থলে দগ্ধ হন ৪২ জন। গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে ২৯ জন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন।
কেবল মামুন নামে এক পোশাক শ্রমিক বেঁচে ফেরেন। হাসপাতালে ভর্তি অন্যদের অবস্থাও সংকটাপন্ন। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে উৎসারিত আগুন এবং লিকেজ থেকে জমা হওয়া গ্যাসের কারণে এ বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে।
