চিটাগং শপিং কমপ্লেক্সের সম্প্রসারণকাজ বন্ধ রাখার নির্দেশ প্রশাসক সুজনের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ১০:২৫ পিএম

চিটাগং শপিং কমপ্লেক্সের সম্প্রসারণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক মো. খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার নগরীর টাইগারপাসে চসিক নগর ভবনে চিটাগং শপিং কমপ্লেক্স ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম করপোরেশনের স্বত্বাধিকারী ও দোকান সম্প্রসারণ কাজে নিয়োজিত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

এ সময় সুজন বলেন, শপিং কমপ্লেক্সের সম্প্রসারণ কাজে কোনো ত্রুটি আছে কি না বা বিদ্যমান ভবনের সম্প্রসারণের ফলে রানা প্লাজার মতো কোনো পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা আছে কি না তা যাচাই-বাছাই হচ্ছে। এ লক্ষে¨ চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সম্প্রসারণকাজ বন্ধ রাখতে হবে।

প্রশাসক বলেন, শপিং কমপ্লেক্সে পর্যাপ্ত আলো-বাতাস চলাচল, পার্কিং স্পেস ও অভ্যন্তরীণ প্রশস্ত চলাচল ব্যবস্থাসহ আগের মতো ক্রেতা-বিক্রেতাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। বিষয়টি খতিয়ে দেখতে সিডিএ, চুয়েট, সিটি করপোরেশন ও নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীর সমন্বয়ে একটি টিম গঠন করে নির্মাণকাজ তদারকি করা হচ্ছে। কমপ্লেক্সের ধারণক্ষমতা অনুযায়ী ফ্লোর বাড়াতে-কমাতে হবে। নির্মাণকাজের সময় শপিং কমপ্লেক্সের কিছু অংশ টিন দিয়ে ঘেরাও রাখার বিষয়ে আপত্তি জানিয়ে তিনি তা উন্মুক্ত করে দিয়ে মানুষ যাতে সহজে সব কর্মকাণ্ড দেখতে পারেন সে বিষয়েও নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশনা দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত