বিমানবাহিনীর ৩ গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ০২:৪২ এএম

বিমানবাহিনীর কর্মকর্তা পদোন্নতি পর্ষদ ২০২০-এ বাহিনীর উইং কমান্ডার, গ্রুপ ক্যাপ্টেন এবং এয়ার কমোডর পদে যোগ্য প্রার্থীদের পদোন্নতির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সভাপতিত্বে গত ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিমানবাহিনী সদর দপ্তরে এ পর্ষদ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা অনুসারে যারা গণতন্ত্রকে সুসংহত করার জন্য দৃঢ় প্রত্যয়ের অধিকারী, দেশপ্রেমিক এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তাদের উচ্চপদে পদোন্নতির জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে তাদের পেশাগত মান ও যোগ্যতা, শিক্ষা, মনোভাব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী গত সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পদোন্নতি পর্ষদের উদ্বোধন করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে পদোন্নতির জন্য ‘ট্রেস ট্যাবুলেটেড রেকর্ড অ্যান্ড কম্পারেটিভ ইভ্যালুয়েশন’ পদ্ধতি মূল্যায়নের পাশাপাশি যে কর্মকর্তাগণ ফিল্ডে ভালো কাজ করতে পারে, কমান্ড করতে পারে বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কি না বা তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কি না, সেগুলো মূল্যায়ন করতে বলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত