বার্সেলোনার প্রেসিডেন্ট প্রার্থী লুইস ফার্নান্দেজ বলেছেন, নির্বাচিত হলে ক্লাবের জন্য সামনের মৌসুমে নতুন কোনো গার্দিওলাকে কোচ হিসেবে নিয়োগ দেবেন।
বার্সার বর্তমান প্রেসিডেন্ট বার্তোমেউর আমলে বার্সেলোনা বেশ কিছু শিরোপা জিতলেও সমর্থকদের চোখে রীতিমতো ‘শত্রুতে’ পরিণত হয়েছেন। কারণ তার জন্যই মেসি ক্লাব ছাড়তে চেয়েছেন।
এমন পরিস্থিতিতে বার্সায় নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছেন বার্তোমেউ। সামনের বছরের নির্বাচনে টিকতে পারবেন কি না, সেটিই এখন প্রশ্ন।
আর এই সুযোগে গোলডটকমের সঙ্গে আলাপকালে ফার্নান্দেজ বললেন, ‘তার (বার্তোমেউ) কোনো পরিকল্পনাই ছিল না। তাৎক্ষণিক সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করছেন। বার্সায় আপনি এভাবে কাজ করতে পারেন না।’
‘আমাদের সংস্কার দরকার। চাকরবাকরদের হাতে বার্সেলোনা থাকতে পারে না। আমাদের বার্সেলোনা গ্রেট এগেইন ক্যাম্পেইন দরকার।’
ফার্নান্দেজ বলছেন, তিনি নির্বাচিত হলে রিজার্ভ কোচ গার্সিয়া পিমিয়েন্টাকে প্রধান দলের দায়িত্ব দেয়ার কথা ভাববেন। বায়ার্ন মিউনিখের হ্যানসি ফ্লিকের উদাহরণ টেনে বলেন, ‘বায়ার্নকে দেখুন। কেউ ফ্লিকের সম্পর্কে জানতো না। কিন্তু তিনি দারুণ কোচ। আমরা মনে করি পিমিয়েন্টা নতুন গার্দিওলা হবেন।’
