করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য, জাতীয় দলের সাবেক ফুটবলার নওশেরুজ্জামানের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর একটি হাসপাতালে গত চার দিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নওশেরকে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসীম উদ্দীন হায়দার প্রধানমন্ত্রীর পক্ষে তাকে হাসপাতালে দেখতে যান। নওশেরুজ্জামানের ছোট ভাই আমিনউজ্জামান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা হাসপাতালে তাকে দেখতে এসে খবরটি আমাদের জানিয়েছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই দোয়া করবেন যাতে আমার ভাই দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।’
৭২ বছর বয়সী নওশেরুজ্জামান কেবল ফুটবলার হিসেবেই পরিচিত ছিলেন না। জাতীয় পর্যায়ে দীর্ঘদিন ক্রিকেটও খেলেছেন। মোহামেডানের মতো দলে দীর্ঘদিন ওপেনার হিসেবে খেলেন তিনি।
