বঙ্গবন্ধুর সমাধিতে আপিল বিভাগের দুই বিচারপতির শ্রদ্ধা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৫:১৬ এএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান। গতকাল শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে তারা শ্রদ্ধা জানান। এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন দুই বিচারক। এর আগে গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতি এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন আপিল বিভাগের দুই বিচারপতি।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসানকে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। পরদিন ৩ সেপ্টেম্বর বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে দুই বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বিচারপতি তারিক উল হাকিম ১৯৮৭ সালে জেলা আদালত এবং ১৯৮৯ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালের ২৯ জুলাই তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০০৪ সালের ২৯ জুলাই একই বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি ওবায়দুল হাসান ১৯৮৬ সালে জেলা আদালত, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০৫ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৯ সালের ৩০ জুন তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং ২০১১ সালের ৬ জুন স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। বিচারপতি ওবায়দুল হাসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন। এ দুজনকে নিয়োগের পর আপিল বিভাগের বিচারপতি হলেন আটজন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত