গাঁটছড়া বাঁধার আড়াই বছরের বেশি সময় পর দুই থেকে তিনজনে পরিণত হতে যাচ্ছে ভারতের তারকা দম্পতি আনুশকা শর্মা-বিরাট কোহলির সংসার। প্রথমবারের মতো মা-বাবা হতে যাচ্ছেন তারা।
গত ২৭ আগস্ট এক টুইট বার্তায় নিজেই এ খবর নিশ্চিত করেছেন আনুশকা। কবে নাগাদ আসছে নতুন অতিথি, জানিয়ে দিয়েছেন সেটাও। ২০২১ সালের জানুয়ারিতে অন্যরকম এক আলোয় আলোকিত হবে ‘বিরুস্কার’ সংসার।
এদিকে নিজের শরীরের ভেতর নতুন প্রাণের অনুভবে বদলে গেছে আনুশকার জগৎটাও। ১৩ সেপ্টেম্বর নিজের ভেরিফায়েড পেইজে নিজের ভেতর নতুন প্রাণ তৈরি হওয়ার অভিজ্ঞতার কথা জানালেন। আনুশকা বলেন, ‘নিজের ভেতর প্রাণের অস্তিত্ব তৈরি হওয়ার মতো সত্যিকারের উষ্ণ অনুভূতি আর নেই। আর এটা এমন একটা বিষয় যার উপর আপনার নিজের কোনো নিয়ন্ত্রণও নেই।’
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ক্রিকেট তারকা বিরাট কোহলিকে ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন আনুশকা শর্মা। গণমাধ্যমের সব আগ্রহ কেড়ে নিয়ে ওই বছরের ৯ ডিসেম্বর ইতালির মিলানে মালাবদল করেন তারা।
