গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গঠনে শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তাই তার নেতৃত্বে আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সেবা প্রার্থীদের দ্রুত সেবা দিতে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল রবিবার বেলা ১১টায় রাজধানীর মিরপুর ১১ নম্বর সেক্টরের বাউনিয়াবাঁধ এলাকার ২ হাজার ৬০০ বাস্তুহারা পরিবারের পুনর্বাসন প্রকল্পে প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলোয়ার হায়দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-১৬ আসনের সাংসদ ইলিয়াস উদ্দীন মোল্লা ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার।
প্রতিমন্ত্রী বলেন, দেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা অতুলনীয়। দীর্ঘ সংগ্রাম আর ত্যাগ-তিতিক্ষার পর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে বিস্ময়।
বাস্তুহারা পরিবারের প্লটের দলিল প্রসঙ্গে শরীফ আহমেদ বলেন, ‘দীর্ঘ ৪৭ বছর পর বঙ্গবন্ধুর দেওয়া জমি তারা আজ বুঝে পেতে যাচ্ছেন। দেশের বিভিন্ন স্থানের নদীভাঙন এলাকার নাগরিকদের রাজধানীতে বসবাসের জন্য ১৯৭২-৭৩ সালে মিরপুরের বাউনিয়াবাঁধ এলাকায় এসব জমি দেওয়া হয়েছিল। কিন্তু তারা এত দিনেও জমি বরাদ্দের দলিল বুঝে পাননি।’
