বাংলাদেশের বড়পর্দায় পরিচিত মুখ কলকাতার নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এ দেশে রয়েছে তার অনেক ভক্ত। এবার ‘অশ্লীল ফোন-মেসেজ’ পেয়ে বাংলাদেশ হাইকমিশনের দ্বারস্থ হলেন অভিনেত্রী।
কলকাতার সংবাদমাধ্যম জানায়, বাংলাদেশের বেশ কয়েকটি নম্বর থেকে অনেক দিন যাবৎ অশ্লীল মেসেজ দেওয়া হচ্ছে শ্রাবন্তীর নম্বরে। হোয়াটস অ্যাপ ছাড়াও ফোন নম্বরে ভারতকে গালমন্দ করে অনেক কথা বলা হচ্ছিল। প্রথমে বিষয়টি নিয়ে পাত্তা দেননি তিনি। কিন্তু ওই সব ফোন নম্বর ব্লক করেও রেহাই মেলেনি শ্রাবন্তীর। অন্য নম্বর থেকে মেসেজ আসা শুরু করলে পদক্ষেপ নেন।
শাকিব খানের ‘শিকারি’ ও ‘ভাইজান এলো রে’ সিনেমার এ নায়িকা মনে করেন, একজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলেই বাকিরাও চুপ হতে বাধ্য! শ্রাবন্তীর প্রশ্ন, “যারা এটা করছেন, তাদের বাড়িতেও তো মা-বোন রয়েছেন। কীভাবে একটা মেয়েকে অপমান করতে পারে এরা?”
কাজের সুবাদে বাংলাদেশে শ্রাবন্তীর পরিচিত অনেকেই রয়েছেন, তাদের মাধ্যমে হাইকমিশনে অভিযোগ করেন। তারা সাফ কথা, “অন্যায় দীর্ঘদিন ধরে সহ্য করাটাও তো অপরাধ!”
যৌথ প্রযোজনার পাশাপাশি বাংলাদেশের একক সিনেমায় অভিনয় করেছেন শ্রাবন্তী। এর মধ্যে গত বছর মুক্তি পায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’। মুক্তির অপেক্ষায় আছে শামীম আহমেদ রনীর ‘বিক্ষোভ’।
