সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তিতাস ও র‍্যাবের যৌথ এ অভিযান পরিচালিত হয় সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায়। এ সময় তারা তিনটি নির্মানাধিন বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।

অভিযানে তিতাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, মিটারিং অ্যান্ড বিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী গোলাম মোস্তফা। র‍্যাব-১১ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার এবং ডিএডি রবিউল ইসলাম।

অভিযানে তিতাস ২০০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। তবে এই অভিযানে বাড়ির মালিক বা অবৈধ সংযোগ প্রদানকারী কাউকেই ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ফতুল্লা জোনাল অফিসের ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, এই অভিযান তিতাসের নিয়মিত একটি অভিযান।

অবৈধ সংযোগ গ্রহণকারীদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাওয়া হলে তিনি বলেন, যেসব বাড়ির মালিক এই অবৈধ সংযোগ নিয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করব। যারা সংযোগটি দিয়েছে তাদের আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তবে তাদের বিষয়েও আমরা খোঁজ নিচ্ছি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত